সারাবিশ্ব

বাংলাদেশে দ্রুত নির্বাচন ও নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫০ এএম

বাংলাদেশে দ্রুত নির্বাচন ও নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারত স্পষ্ট অবস্থান জানিয়েছে যে, নির্বাচন শুধু অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতার জন্য নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বৈধতা অর্জন করা জরুরি।

দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ মন্তব্য করেন।

সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (সাউথ ব্লক) আয়োজিত এই বৈঠকে বিক্রম মিশ্রি বলেন, “বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশে যে সরকারই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক, ভারত সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।” তবে তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন যদি স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য হয়, তাহলে তা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নয়, দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে গভীরভাবে প্রোথিত। ভারতের দৃষ্টিতে এই সম্পর্ক সবসময়ই “জনমুখী” এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

বিক্রম মিশ্রি জানান, সাম্প্রতিক সময়ে তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফর করেছেন দুই দেশের সম্পর্ক আরও গভীরভাবে বোঝার এবং চলমান কিছু ভুল বোঝাবুঝি দূর করার উদ্দেশ্যে। তার ভাষায়, “সফরটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা পাওয়ার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।”

ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত, নদ-নদী, বাণিজ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত কর্মপদ্ধতিগত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, “ঢাকায় ভারতের হাইকমিশনে দীর্ঘদিন ধরে এসব আলোচনার সুযোগ তৈরির চেষ্টা চলছিল। এখন তা বাস্তবায়ন সম্ভব হওয়ায় আমরা সন্তুষ্ট।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ডিক্যাব প্রতিনিধি দল ভারতের সফর থেকে ইতিবাচক ও ফলপ্রসূ অভিজ্ঞতা অর্জন করবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্ককে “সঠিক দৃষ্টিকোণ থেকে” আরও গভীরভাবে অনুধাবন করতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ও উদ্বেগ উভয়ই রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারতের অবস্থানও এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে।