সারাবিশ্ব
অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে: অমিত শাহ
ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে শুধু প্রজনন হারের কারণে নয়, বরং বাইরের দেশ থেকে অনুপ্রবেশ এর অন্যতম বড় কারণ- এমন মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (১১ অক্টোবর) ‘নরেন্দ্র মোহন লেকচার’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। বক্তব্যে তিনি উল্লেখ করেন, মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ২৪.৬ শতাংশ, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে ৪.৫ শতাংশ।
অমিত শাহ বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মান্তরের ফলে হিন্দু জনসংখ্যা কমেছে এমনটা নয়। বরং এসব দেশের অনেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে এসেছে। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তান থেকে মুসলমানদের অনুপ্রবেশের কারণেই ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে।
“ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এরপর গড়ে ওঠে পাকিস্তান এবং পরে জন্ম নেয় বাংলাদেশ। ওই দুই দেশের দিক থেকেই মূলত বেশি অনুপ্রবেশ হয়,”—বলেন অমিত শাহ।
তিনি আরও দাবি করেন, রাজস্থান ও গুজরাটে সীমান্ত থাকলেও সেখানে অনুপ্রবেশ নেই, কারণ নিরাপত্তা ব্যবস্থা সেখানে অনেক বেশি শক্তিশালী।