সারাবিশ্ব

ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না: বিজেপি সংসদ সদস্য


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

ভোটে জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না: বিজেপি সংসদ সদস্য
বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। তিনি বলেন, “এইবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নদীয়ার মাটিয়ারি বানপুরে এক সভায় তিনি এই মন্তব্য করেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ায়।

জগন্নাথ সরকার আরও বলেন, “তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”

এই মন্তব্যে নিজ দল বিজেপির ভেতরেই অস্বস্তি তৈরি হয়েছে। কারণ, এত দিন সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধই ছিল বিজেপির রাজনীতির অন্যতম মূল ইস্যু। এখন দলের এক সাংসদের মুখে কাঁটাতার তুলে দেওয়ার প্রতিশ্রুতি কার্যত সেই অবস্থানকেই প্রশ্নের মুখে ফেলেছে।

তৃণমূল কংগ্রেস দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বিজেপি ভোটের রাজনীতিতে সংবেদনশীল আন্তর্জাতিক বিষয় ব্যবহার করছে। দলের এক মুখপাত্র বলেন, “একজন সাংসদের মুখে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। এতে সীমান্ত এলাকার মানুষ বিভ্রান্ত হবেন, আর দুই দেশের সম্পর্কেও প্রভাব পড়তে পারে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে এমন বক্তব্য বিজেপির জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের শালীনতা ও সংবেদনশীল সীমান্ত রাজনীতিতে এ ধরনের উক্তি শুধু হঠকারী নয়, কূটনৈতিকভাবেও অগ্রহণযোগ্য।

এক বিশ্লেষক বলেন, “বাংলাদেশ নিয়ে রাজনীতিতে বিজেপি এত দিন অনুপ্রবেশ রোধের কথা বলেছে। এখন একজন সাংসদ যদি বলেন কাঁটাতার তুলে দেওয়া হবে, তা জনমনে বিভ্রান্তি তৈরি করবে।”

বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। বিজেপির দাবি, এই উদ্যোগের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল বলছে, এই উদ্যোগ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অজুহাত।