সারাবিশ্ব
২৫ বছর বয়সেই বিহারের বিধায়ক হলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর
বিহার বিধানসভা নির্বাচনে এবারের সবচেয়ে আলোচিত চমক এনে দিয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারের বাইরে এসে প্রথমবার রাজনীতিতে পা রাখতেই বিজেপির টিকিটে জয় ছিনিয়ে নিয়েছেন মাত্র ২৫ বছর বয়সে।
আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়ে পরিষ্কার ব্যবধানে বিজয়ী হন। এর মধ্য দিয়ে তিনি পুরো নির্বাচনে সবচেয়ে কম বয়সী বিধায়কের স্বীকৃতি পেয়েছেন।
জয়ের পর প্রতিক্রিয়ায় সংবাদ সংস্থা এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, “এটা সত্যিই আমার জন্য স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে, মানুষের পাশে থাকতে চাই। এখন আলিনগরের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।”

মৈথিলীর রাজনৈতিক যাত্রা শুরু হয় নির্বাচনের আগমুহূর্তে। বিহারের মধুবনী জেলার এক সংগীত পরিবারে ২০০০ সালের ২৫ জুলাই জন্ম তার। বাবা ও দাদার কাছ থেকেই শৈশবে শাস্ত্রীয় ও লোকসংগীতে শিক্ষাগ্রহণ শুরু। ২০১৭ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে দেশব্যাপী পরিচিতি পান। এরপর সামাজিক মাধ্যমে নিয়মিত সংগীত পরিবেশনার মাধ্যমে বিপুল অনুসারী তৈরি হয় তার। শুদ্ধ সংগীতের প্রতি তার নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্ব তরুণদের মধ্যেও জনপ্রিয়তা এনে দেয়।
সংগীত থেকে রাজনীতিতে তার হঠাৎ আগমন নিয়ে আলোচনায় ছিল গোটা রাজ্যই। নির্বাচনী প্রচারণায়ও তিনি জানিয়েছেন, আলিনগরের মানুষের প্রতি বিশেষ টানই তাকে রাজনীতিতে টেনে এনেছে। এলাকার উন্নয়ন, নারীশিক্ষা, সংস্কৃতি ও স্থানীয় শিল্পীদের সমস্যা সমাধানকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।

এদিকে রাজ্যের সামগ্রিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২ আসন, আর এরই মধ্যে জোটটি দুইশটিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। বিশেষ করে বিজেপি গত নির্বাচনের তুলনায় ৯০টিরও বেশি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থানে রয়েছে।
এবারের নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণও নজরকাড়া, যেখানে মৈথিলীর মতো তরুণ প্রার্থীর জয় রাজনীতিতে প্রজন্ম পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।