সারাবিশ্ব

বাবা সিদ্দিকি হত্যা ও সালমানের বাসায় হামলার সন্দেহভাজন বিষ্ণোই গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:১৫ এএম

বাবা সিদ্দিকি হত্যা ও সালমানের বাসায় হামলার সন্দেহভাজন বিষ্ণোই গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য আনমোল বিষ্ণোইকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার তাকে ভারতে নেওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে হেফাজতে নেয়া হয়।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, আনমোল বিষ্ণোই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই, যিনি বর্তমানে ভারতের কারাগারে বন্দী। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রভাবশালী নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যা মামলায় আনমোল অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত। এ মামলায় তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল ভারতের বিশেষ তদন্তকারী দল।

গত বছরের নভেম্বর থেকে আনমোল যুক্তরাষ্ট্রের হেফাজতে ছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাকে ভারতে প্রত্যর্পণ করা হয়। খুব শিগগিরই তাকে দিল্লির একটি আদালতে তোলা হবে বলে জানা গেছে।

২০২৩ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ে চাঞ্চল্যকরভাবে খুন হন বাবা সিদ্দিকি। এই হত্যাকাণ্ডে আনমোল ছাড়াও আরও দুইজন- শুভম লোনকার ও জিসান মোহাম্মদ আখতার প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন। এখন পর্যন্ত লরেন্স বিষ্ণোই চক্রের সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুধু এই হত্যাকাণ্ডই নয়, বলিউড সুপারস্টার সালমান খানের বাড়িতে গুলি চালানো এবং পাঞ্জাবি গায়ক সিধু মূসেওয়ালা হত্যা পরিকল্পনায় সম্পৃক্ততা-এই দুই আলোচিত ঘটনার সঙ্গেও আনমোলের নাম উঠে এসেছে তদন্তে। গত বছরের এপ্রিলে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অস্ত্রধারীরা গুলি চালায়, এরপর থেকেই আনমোলকে দেশ-বিদেশে খুঁজছিল ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

ভারতীয় গোয়েন্দাদের মতে, আনমোল বিষ্ণোই গ্যাংয়ের বিদেশি নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং দেশীয় অপরাধীদের সঙ্গে সমন্বয় করে হাই-প্রোফাইল টার্গেটিংয়ের পরিকল্পনা করতেন। তার গ্রেপ্তারকে চলমান তদন্তের বড় অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।