সারাবিশ্ব

চিকেন নেকে সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে ভারত সরকারের জরুরি নিরাপত্তা বৈঠক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম

চিকেন নেকে সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে ভারত সরকারের জরুরি নিরাপত্তা বৈঠক
ছবি: সংগৃহীত

প্রতিবেশী অঞ্চলে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, চীনের সম্ভাব্য নড়াচড়াসহ দিল্লির লালকেল্লার কাছাকাছি বিস্ফোরণের ঘটনার পর ভারতের কেন্দ্রীয় সরকার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা এই সরু করিডোরটি ভারতের নিরাপত্তা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটির নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে এই করিডোরের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি এবং আসাম রাইফেলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, কেন্দ্র ও রাজ্য সরকারের গোয়েন্দা সংস্থা, আর্মি ইন্টেলিজেন্স, সিআইএসএফ, আরপিএফ, জিআরপি, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

অতি সংবেদনশীল এই বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকেন নেক করিডোরে নজরদারি আরও কঠোর করার সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো, প্রধান যোগাযোগ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং গোটা করিডোরজুড়ে নজরদারি প্রযুক্তি আধুনিকায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য পথ হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি না হয়, সেদিকে এখন সর্বোচ্চ সতর্ক নজর রাখছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। পরিস্থিতি ঘনঘোর হওয়ায় আগামী দিনগুলোতেও করিডোরজুড়ে নজরদারি ও নিরাপত্তা চেকপোস্টে কঠোরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।