সারাবিশ্ব

সিন্ধু আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে: রাজনাথ সিং


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

সিন্ধু আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে: রাজনাথ সিং
ছবি: সংগৃহীত

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভবিষ্যতে সীমান্ত বদলাতে পারে এবং প্রয়োজনে সিন্ধু অঞ্চল আবারও ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। দেশভাগের ইতিহাস, সিন্ধু নদের সাংস্কৃতিক গুরুত্ব এবং কাশ্মির পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদঘেঁষা সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়ে যায়। তখন বহু মানুষ, বিশেষ করে সিন্ধি হিন্দুরা, ভারতে আশ্রয় নেন। তাদের মধ্যেও এখনও অনেকে সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি বলে দাবি করেন রাজনাথ সিং।

তিনি বলেন, “এলকে আদভানিজির মতো বহু সিন্ধি হিন্দু আজও সিন্ধুর ভারত থেকে বিচ্ছিন্নতাকে হৃদয়ে মেনে নিতে পারেননি। আদভানিজি তার বইতে লিখেছেন—সিন্ধুর বিচ্ছিন্নতা তাদের প্রজন্ম কখনোই পুরোপুরি মেনে নেয়নি।”

রাজনাথ আরও দাবি করেন, সিন্ধু শুধু সিন্ধি জনগোষ্ঠীর নয়, বরং পুরো ভারতের হিন্দু সমাজ সিন্ধু নদকে পবিত্র মনে করে। এমনকি অতীতে বহু মুসলমানও সিন্ধুর সাংস্কৃতিক পবিত্রতা বিশ্বাস করতেন বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, “ভূগোল বলছে সিন্ধু আজ ভারতের অংশ নয়, কিন্তু সাংস্কৃতিকভাবে এটি ভারতেরই অংশ। আর সীমান্ত-এটা বদলে যেতে পারে। কে বলতে পারে, একদিন সিন্ধু আবারও ভারতের সঙ্গে যুক্ত হবে! সিন্ধুর মানুষ যেখানেই থাকুক, তারা আমাদেরই মানুষ।”

এর আগেও ভারতীয় আওয়ামী জাতীয়তাবাদী মহলে আলোচনার জন্ম দেওয়া এমন মন্তব্য করেছেন রাজনাথ সিং। গত সেপ্টেম্বরে মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, কোনও রকম সামরিক পদক্ষেপ ছাড়াই পাকিস্তান-শাসিত কাশ্মির (পিওকে) একসময় নিজ থেকেই ভারতের সঙ্গে যুক্ত হবে, কারণ সেখানকার মানুষ “দখলদারদের বিরুদ্ধে স্বাধীনতার দাবি তুলতে শুরু করেছে।”

তিনি বলেন, “পিওকে-তে মানুষ নিজেরাই ভারতের অংশ হওয়ার দাবি তুলছে। আপনারা সেই স্লোগান শুনেছেন নিশ্চয়ই।”

সিন্ধু ও পিওকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে বলে বিশ্লেষকদের মত। বিশেষত সিন্ধু অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে এমন বক্তব্য পাকিস্তান-ভারত সম্পর্কে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে।