সারাবিশ্ব

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোরালাই বিভাগে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর: ডেইলি অসাফ।

ভূকম্পন কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫। শক্তি কম হলেও কম্পন বেশ তীব্র ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মাটির ২০ কিলোমিটার গভীরে এবং লোরালাই শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ–পূর্ব দিকে।

হঠাৎ কম্পন শুরু হলে ঘরবাড়ি, দোকান-পাট ও অফিস থেকে মানুষ ছুটে বেরিয়ে আসে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তান ও পার্শ্ববর্তী আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এসব অঞ্চলে মাঝেমধ্যেই মাঝারি ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ২০০৫ সালের ভয়াবহ ভূমিকম্প সবচেয়ে বেশি প্রাণহানি ঘটায়; কাশ্মিরজুড়ে সেই ভূমিকম্পে মারা যান ৭৩ হাজারের বেশি মানুষ।

বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের ধস ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত বছর ২০২৪ সালের ১ অক্টোবর ৫.৫ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। বহু ঘরবাড়ি, বিশেষ করে কাঁচা বাড়ি ধসে পড়ে।