সারাবিশ্ব

ইমরানের খোঁজ দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ইমরানের খোঁজ দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জন কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বা কারা কর্তৃপক্ষ এখনো ইমরানের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। তাঁর পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে।-এনডিটিভি

এই পরিস্থিতিতে ইমরান খানের খোঁজ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে কর্মসূচি ঠেকাতে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা জানান, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

১৪৪ ধারার নিষেধাজ্ঞা- 

- পাঁচজনের বেশি লোক একত্রিত হওয়া, সভা–সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ

- অস্ত্র, লাঠি, শূল, পেট্রল বোমাসহ সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন কোনো বস্তু বহন নিষিদ্ধ

- আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র প্রদর্শন করতে পারবে না

- উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না

- পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না

- মোটরসাইকেলে পেছনে আরোহী বহন নিষিদ্ধ

- মাইক ও লাউডস্পিকার ব্যবহার করা যাবে না

পিটিআই নেতা ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন। তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে দেশজুড়ে উৎকণ্ঠা বাড়ছে।