সারাবিশ্ব

ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, কারাগার থেকে বেরিয়ে জানালেন বোন উজমা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, কারাগার থেকে বেরিয়ে জানালেন বোন উজমা
ইমরান খান এবং তার বোন উজমা খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থাকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেছেন তার বোন উজমা খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উজমা বলেন, ইমরান খান শারীরিকভাবে ভালো আছেন। তবে তিনি বেশ ক্ষুব্ধ এবং জানিয়েছেন, তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তার দাবি- ইমরানকে সারাদিন একটি ঘরেই আটকে রাখা হয়, খুব অল্প সময়ের জন্য বাইরে বের হতে দেওয়া হয় এবং কারও সঙ্গেই কথা বলার সুযোগ দেওয়া হয় না। প্রায় ৩০ মিনিটের সাক্ষাৎয়ে এই কথাগুলো জানান ইমরান।

এর আগে কারা কর্তৃপক্ষ বিশেষ অনুমতিতে তাকে সাক্ষাতের সুযোগ করে দেয়। কারাগারের বাইরে এ সময় বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হন।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে ইমরান বরাবরই দাবি করেছেন, সব মামলাই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার ফল।

গত এক মাসে ইমরানের পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে না দেওয়ায় তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ইমরান মারা গেলে দেশে বড় ধরনের বিক্ষোভ হতে পারে- এ আশঙ্কায় কর্তৃপক্ষ গোপনীয়তা বজায় রাখছে।

পিটিআই নেতাদের দাবি, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান কিংবা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কেউই দেখা করতে পারেননি। এ অবস্থায় টানা কয়েকদিন ধরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পিটিআইয়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে দুই শহরেই ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৪ জারি করেছে প্রশাসন। পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, আদালত বা কারাগারের সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পিটিআই-সমর্থিত এমপিদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।