সারাবিশ্ব
দুই দিনের সফরে ভারত পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।
এসময় দুই নেতার করমর্দন, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য গণমাধ্যমে ধরা পড়ে। সন্ধ্যার পর তারা বিশেষ প্রাইভেট ডিনারে মিলিত হওয়ার কথা রয়েছে।
এই সফরে পুতিন অংশ নেবেন ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
আগামীকাল ৫ ডিসেম্বর তার সূচিতে রয়েছে একাধিক কর্মসূচি। দিনের শুরুতে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে দেওয়া হবে আনুষ্ঠানিক অভ্যর্থনা। এরপর তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফিকি (FICCI) আয়োজিত একটি ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। সফরের শেষ ভাগে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি সন্ধ্যায় ভারত ত্যাগ করবেন।