সারাবিশ্ব

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে ‘চোখ মেরে’ বিতর্কে পাক আইএসপিআর প্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে ‘চোখ মেরে’ বিতর্কে পাক আইএসপিআর প্রধান
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে পাকিস্তানের একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটেছে এ ঘটনা।  

যে নারী সাংবাদিককে চোখ মেরেছেন আইএসপিআর প্রধান, তার নাম আবসা কোমাল। বর্তমানে পাকিস্তানের সম্প্রচার সংবাদমাধ্যম জিও নিউজ উর্দুতে কর্মরত আছেন তিনি। মঙ্গলবার (১১ ডিসেম্বর) পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের আইএসপিআরের সদরদপ্তরে এই ঘটনাটি ঘটে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় মুঠোফোনে ধারণ করা ভিডিওটি মুহূর্তেই প্রচারিত হয়, যেখানে দেখা যায়, জিও নিউজ উর্দুর সাংবাদিক আবসা কোমাল আইএসপিআর প্রধানকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে প্রশ্ন করছেন। কোমাল বলছিলেন, ‘আপনার বক্তব্যে ইমরান খানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রদ্রোহী এবং দিল্লির হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরকম গুরুতর অভিযোগে তিনি কি এককভাবে অভিযুক্ত? এর সঙ্গে পূর্বের অভিযোগগুলোর কি সম্পর্ক আছে? ভবিষ্যতে কি এরকম আরও অভিযোগ আসবে?’

এ প্রশ্নের জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আপনার যুক্তির মধ্যে আরও একটি পয়েন্ট যোগ করতে পারেন- ইমরান একজন মানসিক রোগী।’ এরপর তিনি কোমালের দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে চোখ মেরে দেন।

এই ঘটনা নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেক নেটিজেন এই ঘটনার নিন্দা করেছেন এবং সেনাবাহিনীর পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এমনভাবে ক্যামেরার সামনে প্রকাশ্যে ঘটনার অবতারণা হলো, এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি একটি সেনা কর্মকর্তার পেশাদারত্বের জন্য খুবই অপমানজনক। একজন শীর্ষ সেনা কর্মকর্তা এভাবে আচরণ করতে পারেন না।’

আরেক নেটিজেন বলেন, ‘এটা দেশের প্রকৃত চিত্র। আমাদের সেনাবাহিনীর অপেশাদারত্ব এই ভিডিওতেই পরিষ্কার হয়ে গেছে। কোনো সেনা কর্মকর্তা কি কখনও এমন আচরণ করতে পারেন?’