সারাবিশ্ব
ট্রেনে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় সেনা সদস্য গ্রেফতার
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচীতে একটি যাত্রীবাহী ট্রেনে ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ (আরপিএফ)। ঘটনাটি স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাঁচীর একটি প্রায় জনশূন্য রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন ওই তরুণী। ট্রেনটি স্টেশনে এসে দাঁড়ানোর পর তিনি ওঠেন। ঠিক সেই সময় ৪২ বছর বয়সী অভিযুক্ত সেনা সদস্য সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি তরুণীকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ট্রেনের একটি ফাঁকা কামরায় নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন।
ঘটনার সময় কামরার ভেতর থেকে তরুণীর কান্না ও চিৎকার শুনতে পান রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যরা। তারা দ্রুত সেখানে ছুটে গেলে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। তবে দৌড়ঝাঁপের পর আরপিএফ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পালানোর সময় পড়ে গিয়ে অভিযুক্ত সেনা সদস্য সামান্য আহত হন।
শনিবার রাঁচীর আরপিএফের পক্ষ থেকে জানানো হয়, তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছিলেন। পরে তাকে হেফাজতে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেনা সদস্যের বাড়ি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তিনি বর্তমানে পাঞ্জাবের পটিয়ালায় অবস্থিত একটি সেনা রেজিমেন্টে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি সেনাবাহিনীর মালামাল পাহারার দায়িত্বে ছিলেন।
আরপিএফের এক কর্মকর্তা জানান, ট্রেনে সেনাবাহিনীর কিছু সরঞ্জাম পরিবহন করা হচ্ছিল এবং অভিযুক্ত সেগুলোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। প্রাথমিক তদন্তে তিনি মত্ত অবস্থায় ছিলেন—এমন প্রমাণ পাওয়া গেছে বলেও জানান ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, “এক তরুণীর চিৎকার শুনে আমাদের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান এবং অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।”
এ ঘটনায় অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে একটি মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীর বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, টেলিগ্রাফ ইন্ডিয়া, দ্য উইক