সারাবিশ্ব
চাঁদা আদায়ে গিয়ে উল্টো বিপদ, চলন্ত ট্রাকে ৫ কিলোমিটার ঝুলে রইলেন চাঁদাবাজ
ভারতের মধ্যপ্রদেশে সরকারি নির্দেশনায় পরিবহন চেকপোস্ট বন্ধ থাকার পরও সীমান্তবর্তী এলাকায় অবৈধ চাঁদাবাজি থামছে না—এমন অভিযোগ উঠেছে ট্রাকচালকদের পক্ষ থেকে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের নামে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিতভাবে অর্থ দাবি করছে।
এরই একটি নাটকীয় ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। চাঁদা আদায় করতে গিয়ে এক দালাল উল্টো বিপদে পড়েন, যখন ট্রাকচালক গাড়ি না থামিয়ে চলতে থাকেন এবং ওই ব্যক্তি চলন্ত ট্রাকে প্রায় পাঁচ কিলোমিটার ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
ঘটনাটি ঘটে হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়া শহরের মাঝামাঝি এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, কাগজপত্র দেখার অজুহাতে এক ব্যক্তি তার কাছে টাকা দাবি করেন। তিনি এতে রাজি না হলে ওই দালাল জোর করে ট্রাকে উঠে পড়েন।
চালক জানান, পরিস্থিতির ভয়ে তিনি গাড়ি থামাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাকের বাইরে ঝুলে থাকা ওই ব্যক্তি চালকের কাছে বারবার ক্ষমা চাইছেন এবং গাড়ি থামানোর অনুরোধ করছেন।
স্থানীয় ট্রাকচালকদের দাবি, ওই এলাকায় এ ধরনের চাঁদাবাজি প্রায় নিয়মিত ঘটনা। টাকা দিতে অস্বীকার করলে দীর্ঘ সময় ধরে হয়রানি ও নানা অজুহাতে আটকে রাখার অভিযোগ রয়েছে।
সরকারি ঘোষণায় চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না এবং এর পেছনে কারা জড়িত—এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।
সূত্র: এনডিটিভি