সারাবিশ্ব

‘বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম

‘বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব’ বিজেপিকে হুঁশিয়ারি মমতার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন-এসআইআর) ইস্যুতে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতির মধ্যেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের এক কর্মীসভায় মমতা বলেন, “বাংলা জিতে দিল্লি কেড়ে নেব। বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। দেশে এখন টোটাল অটোক্র্যাসি চলছে।” তিনি দাবি করেন, এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত ৪৬ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু।

ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণত এটি দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়া হলেও এবার অস্বাভাবিক দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা হচ্ছে। তিনি পুরো প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ আখ্যা দিয়ে বলেন, “এটা সম্পূর্ণ আনপ্ল্যানড। বিজেপির কথায় বিজেপির কমিশন কাজ করছে।”

বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি, তুমি আমাদের সঙ্গে কোনো খেলায় নামলে কিছুই করতে পারবে না। বাংলায় লড়াই করো—বাংলায় লড়াই করলে তোমাদের দিল্লি কেড়ে নেব।” তিনি আরও বলেন, “চাইলে আমার গলাও কেটে দিতে পারো, কিন্তু আমি মানুষের কথাই বলব।”

মমতার অভিযোগ, বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের ‘দালাল’ বানিয়েছে এবং ভোটার তালিকা থেকে দেড় থেকে দুই কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, নির্বাচন কমিশন প্রতিদিন নির্দেশনা বদলাচ্ছে। এখন পর্যন্ত অন্তত ২২ থেকে ২৪ বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে, যার ফলে বৈধ ভোটাররা চরম হয়রানির শিকার হচ্ছেন।

তবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় পরিবর্তন হলেও ভোটবাক্সে এর কোনো প্রভাব পড়বে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে-যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারা বাস্তবে আছেন কি না। এমন কাউকে পাওয়া গেলে যেন তারা সঠিক চ্যানেলে অভিযোগ জানাতে পারেন, সে ব্যবস্থাও করতে বলেন তিনি।

উল্লেখ্য, এসআইআর-এর খসড়া তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা দলীয় বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন, যেসব ভোটারের নামে অসঙ্গতি দেখা দিয়েছে বা যারা শুনানির নোটিশ পেয়েছেন, তাদের সর্বাত্মক সহযোগিতা দিতে হবে।