সারাবিশ্ব

আসাম স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যাবে : মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

আসাম স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যাবে : মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি আরও বাড়তে থাকে, তাহলে রাজ্যটি একসময় স্বয়ংক্রিয়ভাবেই বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। তার এমন মন্তব্য নতুন করে সীমান্ত, অভিবাসন ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। খবর এনডিটিভি।

মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বর্তমানে আসামের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত। এই সংখ্যা যদি আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আসাম কার্যত বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে আমি এই বিষয়টি নিয়ে নিয়মিত সতর্ক করে আসছি।”

বাংলাদেশের এক নেতার উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আসামের জনসংখ্যাগত বাস্তবতা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই প্রবণতা অব্যাহত থাকলে রাজ্যটির অস্তিত্ব ও পরিচয় হুমকির মুখে পড়বে।”

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই বক্তব্যে তিনি দাবি করেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে রাখা এবং সেখানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেওয়া।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে ঝুঁকিপূর্ণ, কারণ অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের জন্য সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর নির্ভরশীল, যা ‘চিকেনস নেক’ নামেও পরিচিত।

এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার ভাষায়, “বাংলাদেশের কিছু নেতা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার কথা বলতে থাকেন, তাহলে দিল্লি আর চুপ করে থাকবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে বারবার বলা হচ্ছে যে উত্তর-পূর্বাঞ্চলকে আলাদা করে সেই দেশের সঙ্গে যুক্ত করা উচিত। বাংলাদেশ এমনটা কল্পনাও করতে পারে না-এটা সম্পূর্ণ ভুল ধারণা।”

ভারত একটি বড় রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর দেশ এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি- এ কথা উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে এ বিষয়ে ভুল মানসিকতা তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “ভারতের বিরুদ্ধে এ ধরনের আচরণ চলতে থাকলে তার কঠোর জবাব দেওয়া হবে।”