সারাবিশ্ব

বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

বাংলাদেশিদের হোটেল ভাড়া দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বিরোধী বক্তব্যকে কারণ দেখিয়ে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’-এর জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তারা প্রাথমিকভাবে বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিল। তখন মানবিক কারণে শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা বাংলাদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল ছিল। তবে এখন থেকে তারা আর কোনো বাংলাদেশি অতিথিকে হোটেল ভাড়া দেবে না।

উজ্বল ঘোষ বলেন, “বাংলাদেশে (কথিত) সহিংসতা এবং ভারত-বিরোধী বক্তব্যের কারণে আমরা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল রয়েছে, যারা সবাই এই সিদ্ধান্ত মেনে চলবেন। এছাড়া, এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না।”

প্রতিবছর শিক্ষার্থী, পর্যটক এবং চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি শিলিগুড়ি যান। এই সিদ্ধান্ত এই ভ্রমণকারীদের জন্য নতুনভাবে অসুবিধার সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া