সারাবিশ্ব
মুস্তাফিজকে ফেরত পাঠানো হলে হাসিনাকে কেন নয়, প্রশ্ন ওয়েইসির
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতজুড়ে কিছু সংগঠনের বিক্ষোভের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
এ ঘটনাকে ঘিরে এবার ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও সাংসদ আসাদ উদ্দিন ওয়েইসি।
ভারতের ভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ওয়েইসি বলেন, যদি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়া যায়, তাহলে ঠিক একই যুক্তিতে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন সে দেশে ফেরত পাঠানো হচ্ছে না? মুস্তাফিজ ও শেখ হাসিনা—এই দুই বাংলাদেশি নাগরিকের ক্ষেত্রে ভারতের দ্বৈত নীতির কড়া সমালোচনা করেন তিনি।
গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত এক জনসভায় ওয়েইসি এসব কথা বলেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিজেপি জনগণকে দেখাতে চায় যে তারা একজন বাংলাদেশিকে (মুস্তাফিজ) ফেরত পাঠিয়েছে, কিন্তু আরেকজন বাংলাদেশি, যিনি ‘মোদির বোন’ হিসেবে দিল্লিতে অবস্থান করছেন বলে কটাক্ষ করেন ওয়েইসি, তাকেই বা কেন ফেরত পাঠানো হচ্ছে না।
সভায় উপস্থিত জনতার উদ্দেশে ওয়েইসি প্রশ্ন ছুড়ে দেন, তারা কি চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক? এ সময় উপস্থিত জনতা একযোগে ‘হ্যাঁ’ বলে সাড়া দেয়। এরপর ওয়েইসি সবাইকে সঙ্গে নিয়ে স্লোগান দেন ‘নারায়ে তাকবির’। স্লোগানে স্লোগানে সভাস্থল মুখর হয়ে ওঠে।
ওয়েইসি তাঁর বক্তব্যে আরও বলেন, “মোদি জি, আপনি শুনুন—এই কণ্ঠস্বর। মানুষ বলছে, তাঁকে (শেখ হাসিনা) দেশ থেকে হটান, বাংলাদেশে ফেরত পাঠান।” ওয়েইসির এই বক্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।