সারাবিশ্ব
পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি, ধসে পড়েছে বহু বাড়ি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর এলাকায় সোমবার (১৯ জানুয়ারি) ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। স্থানীয় প্রশাসন ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে, যা আশপাশের বিস্তীর্ণ এলাকায় কম্পন সৃষ্টি করে।
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান প্রদেশে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটির তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, বেশ কয়েকটি কাঁচা ও মাটির তৈরি ঘর ধসে পড়েছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ভূমিকম্পের পর পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে যায়। সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার ও পরিষ্কার কাজ শুরু করেছে।
কর্তৃপক্ষ জানায়, সড়ক দিয়ে চলাচলের সময় পাহাড় থেকে পড়ে আসা একটি পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা হয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।