সারাবিশ্ব

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম

পাকিস্তানে তেল-গ্যাসের বিশাল মজুত আবিষ্কার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের উল্লেখযোগ্য মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি (ওজিডিসিএল)।

এই নতুন আবিষ্কার পাকিস্তানের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো এক নোটিশে ওজিডিসিএল জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত তাদের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স–০১’ থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। এর আগে একই এলাকায় আরও দুটি কূপ থেকে নিয়মিত তেল ও গ্যাস উত্তোলন করে আসছিল ওজিডিসিএল।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, নতুন এই আবিষ্কার দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জ্বালানি সরবরাহ ও চাহিদার মধ্যকার ব্যবধান কমাতে সহায়ক হবে। একই সঙ্গে এটি পাকিস্তানের হাইড্রোকার্বন রিজার্ভ বেসকে আরও শক্তিশালী করবে। নতুন মজুত আবিষ্কারের পর থেকে বারাগজাই খনি এলাকা থেকে প্রতিদিন মোট আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে, যা দেশের মোট অভ্যন্তরীণ অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

বর্তমানে পাকিস্তানে প্রতিদিন গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হয়। দীর্ঘদিন ধরে জ্বালানি ঘাটতি, বৈদেশিক মুদ্রার সংকট এবং ব্যয়বহুল তেল-গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশটির অর্থনীতি চাপের মুখে রয়েছে। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

উল্লেখ্য, জ্বালানি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর ব্লকে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে মোট পাঁচটি চুক্তি স্বাক্ষর করে। সর্বশেষ এই তেল ও গ্যাসের মজুত আবিষ্কারকে পাকিস্তানের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।