সারাবিশ্ব
‘চিকেনস নেক’ করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের
ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরে ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরটি ভারতের সবচেয়ে সংকীর্ণ ও কৌশলগতভাবে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার। করিডরটির এক পাশে রয়েছে নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং তারও উত্তরে চীন, যা এ অঞ্চলের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রণালয়ের বরাদ্দ নিয়ে ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অশ্বিনী বৈষ্ণব বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত রাখা ৪০ কিলোমিটার দীর্ঘ এই করিডরের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ভূগর্ভস্থ রেললাইন নির্মাণের পাশাপাশি বিদ্যমান রেলপথকে চার লাইনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)-এর মহাব্যবস্থাপক চেতন কুমার শ্রিবাস্তব জানান, পশ্চিমবঙ্গের থ্রি মাইল হাট থেকে রাঙাপানি স্টেশন পর্যন্ত অংশে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করা হবে। তিনি বলেন, নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ভূগর্ভস্থ রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের কাছে শিলিগুড়ি করিডর দীর্ঘদিন ধরেই একটি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। ২০১৭ সালের ডোকলাম সংকটের সময় দেশটির সামরিক পরিকল্পনাকারীরা প্রকাশ্যেই এই অঞ্চলের ভঙ্গুরতার বিষয়টি তুলে ধরেছিলেন। সামান্য কোনো বিঘ্ন ঘটলেই উত্তর-পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং এতে সরবরাহ ব্যবস্থা ও সেনা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।