সারাবিশ্ব

৯ তলা ভবন থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

৯ তলা ভবন থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক ঘটনায় একসঙ্গে তিন নাবালিকা বোন আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজিয়াবাদের একটি আবাসিক সোসাইটির ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারায় তারা। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন বোনের নাম বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। আত্মহত্যার আগে তারা ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রাখে। ভোররাতে আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় ঘটনাটি কেউ টের পাননি। পরে হঠাৎ নিচে পড়ার বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরিবারের সদস্যরা দ্রুত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জানতে পারেন, ততক্ষণে তিন বোন ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন দীর্ঘদিন ধরে একটি কোরিয়ান অনলাইন গেমে অতিমাত্রায় আসক্ত ছিল। এই গেম আসক্তিই পারিবারিক কলহের অন্যতম কারণ হয়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। করোনাকালীন সময় থেকে তারা অনলাইনে গেম খেলায় এতটাই ডুবে যায় যে নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এমনকি তারা গেমের প্রিয় চরিত্রের অনুকরণে নিজেদের জন্য কোরিয়ান নামও ব্যবহার করত।

গেম আসক্তির কারণে তাদের দৈনন্দিন আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তারা খাওয়া, ঘুমানো, গোসলসহ প্রায় সব কাজ একসঙ্গেই করত। পুলিশ তাদের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে কান্নার ইমোজির সঙ্গে লেখা ছিল—‘দুঃখিত, বাবা’। এই চিরকুটটি পরিবার ও তদন্তকারীদের আবেগপ্রবণ করে তুলেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হলেও, পারিবারিক পরিস্থিতি, মানসিক অবস্থা ও গেম আসক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এই হৃদয়বিদারক ঘটনাটি সমাজের জন্য একটি গভীর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কিশোর-কিশোরীদের মানসিক চাপ, একাকিত্ব ও অনলাইন গেম আসক্তি নিয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। সময়মতো মানসিক সহায়তা ও পারিবারিক নজরদারি থাকলে এমন মর্মান্তিক ঘটনা অনেক ক্ষেত্রেই প্রতিরোধ করা সম্ভব।