সারাবিশ্ব
খেলাধুলার মাঠে রাজনীতি নয়, বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত: শাহবাজ শরীফ
খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়-এমন স্পষ্ট বার্তা দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারত ক্রিকেটকে ব্যবহার করে নোংরা রাজনীতি করছে।
বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান সরকার খুবই সুস্পষ্ট অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের পাশে আমাদের পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মতে, এটি একেবারেই সঠিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত।’
প্রধানমন্ত্রী আরও ইঙ্গিত দেন, ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা খেলাটির মূল চেতনার পরিপন্থী। পাকিস্তান এই নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও ন্যায়সংগত অবস্থান বজায় রাখবে বলে জানান তিনি।
এদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও বিশ্লেষক নাসের হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, ‘ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে বলত যে তাদের সরকার অন্য কোনো দেশে খেলতে অনুমতি দেবে না, তাহলে কি আইসিসি একইভাবে কঠোর অবস্থান নিতে পারত?’
নাসের হুসাইনের এই মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের ক্রিকেট আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করা হয়, ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেটে রাজনীতি, ন্যায়নীতি ও আইসিসির ভূমিকা নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে।