সারাবিশ্ব
ভারতে ইফতারের সময় হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলা, আহত ৬
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার পুরন্দর তালুকার অস্কারওয়াড়ি গ্রামে ইফতারের জন্য জড়ো হওয়া মুসলিম যুবকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় একটি লেকের পাড়ে এ ঘটনা ঘটে।
এফআইআর সূত্রে জানা যায়, কোন্ধওয়া এলাকার ৩৬ বছর বয়সী ব্যবসায়ী ফিরোজ সায়াদসহ কয়েকজন বন্ধু ইফতারের উদ্দেশ্যে সেখানে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা খাবার প্রস্তুত করছিলেন, এমন সময় ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল। তারা উপস্থিতদের ধর্মীয় পোশাক ও টুপি নিয়ে আপত্তি জানিয়ে উস্কানিমূলক মন্তব্য করে এবং এক পর্যায়ে শারীরিক হামলা শুরু করে।
এ ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া (এসডিপিআই)।
ঘটনার পর সাসওয়াদ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ পরিদর্শক কুমার কদম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি কোনো নির্দিষ্ট ধর্মীয় স্থান নয়। স্থানীয়দের দাবি, এর আগে সেখানে এভাবে ইফতারের আয়োজন হয়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসডিপিআই দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।