সারাবিশ্ব
ভারতের কিছু জমিও নেপালের নিয়ন্ত্রণে, দাবি বালেন্দ্র শাহের
ভারত-নেপাল সীমান্ত বিরোধ নিয়ে আলোড়ন সৃষ্টিকারী মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি দাবি করেছেন, শুধু নেপালের ভূখণ্ডই নয়, ভারতের কিছু এলাকাও বর্তমানে নেপালের নিয়ন্ত্রণে রয়েছে। এ ধরনের বিরোধ মীমাংসায় দুই দেশের মধ্যে সরাসরি ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি।
রোববার দেশটির সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সীমান্তসংক্রান্ত নানা তথ্য তার নজরে এসেছে। বিষয়টি জটিল হলেও আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।
সংসদ সদস্য অ্যারেন রাইয়ের এক প্রশ্নের জবাবে বালেন্দ্র শাহ বলেন, সীমান্ত নিয়ে অভিযোগ শুধু একপাক্ষিক নয়। উভয় দেশেরই কিছু ভূখণ্ড নিয়ে দাবি ও নিয়ন্ত্রণের প্রশ্ন রয়েছে। তাই সমস্যার স্থায়ী সমাধানে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা জরুরি।
বিতর্কিত লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে নেপাল ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে এবং তার প্রতিক্রিয়াও পেয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সীমান্ত বিরোধ নিরসনে ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের করাই হবে এই কমিটির লক্ষ্য।
তিনি আরও জানান, সীমান্ত ইস্যুতে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। ব্রিটিশ শাসনামলে সীমান্ত জটিলতার সূত্রপাত হওয়ায় এ বিষয়ে যুক্তরাজ্যেরও আগ্রহী ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনসহ বিভিন্ন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংসদে জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক তরুণ প্রজন্মের আন্দোলন-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনও এ প্রক্রিয়ার আওতায় রয়েছে।