সারাবিশ্ব

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ২৪ মার্চ ভেন্নিলা নামের শিশুটির মৃত্যু হয়। তবে প্রায় তিন মাস পর বিষয়টি সামনে আসে, যখন শিশুটির বাবা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে শিশুটির বাবা প্রবীণ দাবি করেন, তার স্ত্রী প্রিয়াঙ্কা ও তার প্রেমিক মোহন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, দাভানাগেরের বাসিন্দা প্রবীণ ২০০৭ সালে প্রিয়াঙ্কাকে বিয়ে করেন। তাদের সংসারে ১৭ ও ৫ বছর বয়সী দুই মেয়ে রয়েছে।

তদন্তে জানা যায়, কয়েক বছর আগে প্রিয়াঙ্কা তার কলেজ জীবনের বন্ধু মোহনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।

দাম্পত্য কলহের জেরে প্রিয়াঙ্কা একাধিকবার বিবাহবিচ্ছেদের দাবি জানান এবং পরবর্তীতে ছোট মেয়ে ভেন্নিলাকে নিয়ে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।