সারাবিশ্ব
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য জলোচ্ছ্বাসের ঝুঁকিতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিলিপাইনের উপকূলে প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু এলাকায় ৩ ফুটের বেশি উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপান সরকার সুনামি সতর্কতা জারি করেছে। দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের কোনো ধরনের বিলম্ব না করে উঁচু ও নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিন্দানাওয়ের কয়েকটি উপকূলীয় এলাকায় ইতোমধ্যে ভূমিকম্পের প্রভাব দেখা দিতে শুরু করেছে।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সুনামি সতর্কতা মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলে তা অবশ্যই অনুসরণ করতে হবে।
সূত্র: বিবিসি, আলজাজিরা