সারাবিশ্ব

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক
ছবি: সংগৃহীত

ভারতে এক যুবক নিজের স্ত্রীকে তালাক দিয়ে সাবেক শাশুড়িকে বিয়ে করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুর এলাকায় ঘটেছে।

খবরে জানা যায়, শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের সময় ওই যুবকের সঙ্গে তার শাশুড়ির ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পারিবারিক ও সামাজিক সমালোচনাকে উপেক্ষা করে তারা আদালতের মাধ্যমে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নবদম্পতি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। তাদের গলায় ফুলের মালা এবং হাতে বিয়ের আইনি নথিপত্র রয়েছে। ভিডিওতে তারা তাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

ঘটনাটি নিয়ে অনলাইনে তুমুল আলোচনা সৃষ্টি হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই এটি কয়েক লাখবার দেখা হয় এবং অসংখ্য ব্যবহারকারী এ নিয়ে প্রতিক্রিয়া জানান।