সারাবিশ্ব

তেলবাহী জাহাজে হামলায় তিন নাবিক নিহত, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ভারতের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

তেলবাহী জাহাজে হামলায় তিন নাবিক নিহত, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ভারতের
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে তেলবাহী একটি ট্যাংকারে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পারস্য উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সেত্তেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। আমাদের নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ ধরনের হামলা অবশ্যই বন্ধ করতে হবে।’

এর আগে ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, বুধবার (১০ জুন) ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলার পর তিন ভারতীয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন বাহিনীর নির্দেশনা বারবার অমান্য করায় একটি যুদ্ধবিমান থেকে জাহাজটির ইঞ্জিন কক্ষে নির্ভুল বোমা হামলা চালানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অসীম মহাজন জানান, এমটি সেত্তেবেলো জাহাজে মোট ২৮ জন নাবিক ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয়। এদের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তিনজন নিহত হয়েছেন।

এদিকে বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরেকটি বাণিজ্যিক জাহাজ এমটি জলবীর হামলার শিকার হয়। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এ জাহাজে ২০ জন ভারতীয় নাবিক থাকলেও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।