সারাবিশ্ব

ভোল পাল্টেছেন শুভেন্দু, বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

ভোল পাল্টেছেন শুভেন্দু, বাংলাদেশ ইস্যুতে কোনও মন্তব্য করতে চান না
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে অতীতে একাধিক বিতর্কিত মন্তব্য করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার অবস্থান বদলেছেন। তিনি জানিয়েছেন, আপাতত বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করতে চান না এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

শুক্রবার (১২ জুন) কলকাতার কাছাকাছি নিউটাউনে এক সংবাদ সম্মেলনে ‘পুশ ইন’ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে শুভেন্দু অধিকারী বলেন, একটি বাইরের দেশের সংসদে এ বিষয়টি উত্থাপিত হবে- এমন তথ্য তিনি প্রথমবার শুনছেন এবং এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

তিনি আরও বলেন, এ ধরনের বিষয়ে কথা বলার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, আরও পাঁচটি রাজ্যের সঙ্গে যুক্ত। তাই এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রয়োজন হলে তারাই আনুষ্ঠানিকভাবে মতামত জানাবে।

সীমান্ত সুরক্ষা জোরদারে সীমান্তরক্ষী বাহিনীর কাছে জমি হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, নিয়মিতভাবে জমি হস্তান্তর করা হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকার জমি হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, উত্তরবঙ্গের ‘চিকেন নেক’সহ গুরুত্বপূর্ণ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ করা হবে, কারণ এটি দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।