সারাবিশ্ব
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা
ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলন কেন্দ্রিক বিরোধের জেরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিনের বিরোধের জেরে কোরিয়া জেলায় এক নৃশংস ঘটনা ঘটে। একাধিক ট্রাক দিয়ে একটি ফরচুনার গাড়িকে ঘিরে ফেলে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বালু মহাল সংক্রান্ত বিরোধ মীমাংসা করতে গিয়ে পূর্বপরিকল্পিত হামলার শিকার হন ভারত সিং।
এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী। আরও কয়েকজনকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ গুরুতর অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বালু মহালের ইজারা নিয়ে ভারত সিংয়ের পরিবার এবং অপর এক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। বালু পরিবহন ও অবৈধ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব ধীরে ধীরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে রূপ নেয়।
পুলিশের তথ্যমতে, হামলার রাতে ভারত সিং ও তার সঙ্গীরা যে গাড়িতে ছিলেন, সেটিকে চারদিক থেকে ট্রাক দিয়ে ঘিরে ফেলা হয়। পালানোর সব পথ বন্ধ করে দেওয়ার পর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই ভারত সিংসহ তিনজন নিহত হন। নিহত অন্য দুজন হলেন বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং।
এ হামলায় আহত মায়াঙ্ক সিং বিলাসপুরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, জেলার ইতিহাসে এমন নৃশংস ঘটনা বিরল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি।