সারাবিশ্ব
‘অপারেশন সিঁদুরে’ নিহত সেনা সদস্যদের নাম প্রকাশ করল ভারত
পাকিস্তানের সঙ্গে গত বছরের সংঘাতে নিহত ছয় সেনা সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভারত। শুক্রবার (২৬ জুন) দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চার দিনব্যাপী ওই সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য কর্তব্যরত অবস্থায় নিহত হন।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় ভারত। ঘটনার প্রায় এক বছর পর নিহত সেনাদের নাম প্রকাশ করা হলো। তাদের নাম রাজধানী দিল্লিতে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে খোদাই করে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।
নিহত সেনা সদস্যরা হলেন- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।
দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের ‘ত্যাগ চক্র’ বিভিন্ন সংঘাতে নিহত সেনাদের স্মরণে নির্মিত। ১৬টি বৃত্তাকার গ্রানাইট প্রাচীর নিয়ে গঠিত এই স্মৃতিস্তম্ভে স্বাধীনতার পর থেকে বিভিন্ন যুদ্ধে নিহত সেনাসদস্যদের নাম, পদবি ও ইউনিট খোদাই করা রয়েছে। এবার ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় সেনার নামও সেখানে সংযোজন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে তথাকথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালিত হয়।
এর জবাবে পাকিস্তান তাৎক্ষণিক পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে আকাশযুদ্ধ, ড্রোন হামলা এবং সীমান্তজুড়ে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। টানা চার দিন সংঘাত চলার পর ১০ মে পরিস্থিতি শান্ত হয়।