সারাবিশ্ব

নরেন্দ্র মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভির ভিডিও ভাইরাল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

নরেন্দ্র মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভির ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের আদলে তৈরি মুখোশ পরে এক ব্যক্তি মোবাইল ফোনের দোকানে চুরির চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার রাতে রাজস্থানের ভিলওয়ারা জেলার কারেদা থানা এলাকায় এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী ওই ব্যক্তি একটি লোহার রড দিয়ে দোকানের তালা ভাঙার চেষ্টা করছেন। তার মুখে ছিল নরেন্দ্র মোদির ছবিযুক্ত একটি মুখোশ, যা সাধারণত রাজনৈতিক সমাবেশে ব্যবহৃত হয়ে থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিকবার চেষ্টা করেও তালা ভাঙতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ব্যক্তি। দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ‘শচীন গুপ্ত’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পরপরই এটি নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক লাইক ও মন্তব্য পায়।

কারেদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুরণমল মিনা জানান, অভিযুক্ত ব্যক্তি চুরির সময় নরেন্দ্র মোদির মুখোশ ব্যবহার করলেও আশপাশের অন্য সিসিটিভি ক্যামেরায় তার আসল মুখ ধরা পড়েছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ আরও জানিয়েছে, একই ব্যক্তিকে দিনের বেলাতেও ওই এলাকায় মুখোশ ছাড়া ঘোরাফেরা করতে দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে আরেকটি মোবাইল ফোনের দোকানে একই রাতে চুরির ঘটনা ঘটেছে। তবে দুই ঘটনার সঙ্গে একই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : পিটিআই