সারাবিশ্ব

যাত্রীবেশে বাস ভ্রমণে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম

যাত্রীবেশে বাস ভ্রমণে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীদের দুর্ভোগ নিজের চোখে দেখতে নেমে পড়েছিলেন ছদ্মবেশে। শনিবার বেঙ্গালুরুর বিভিন্ন বিআরটিসি বাসে ঘুরে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি নিজেই ভোগান্তির শিকার হন।

মুখে মাস্ক পরে প্রায় দুই ঘণ্টা ধরে ১০টিরও বেশি বাসে ভ্রমণ করেন তিনি। এই সময়ে যাত্রীদের দীর্ঘদিনের নানা অভিযোগ সরাসরি পর্যালোচনা করেন মন্ত্রী। অভিযানের শুরুতেই একটি বাস স্টপেজে যাত্রীর নামার সংকেত দেওয়ার পরও বাস না থামানোর ঘটনা তার নজরে আসে। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট চালক ও কন্ডাক্টরকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে হেব্বাল-নাগশেট্টিহল্লি রুটের একটি বাসে চড়লে মন্ত্রী নিজেই ভোগান্তির মুখে পড়েন। কন্ডাক্টরকে ১০০ রুপির নোট দিলে ভাঙতি না থাকার অজুহাতে তাকে টিকিট না দিয়ে উল্টো বাস থেকে নেমে যেতে বলা হয়। পরিচয় প্রকাশের আগেই সাধারণ যাত্রীর মতো এমন আচরণের মুখোমুখি হন তিনি।

বাস ভ্রমণ শেষে নাগশেট্টিহল্লি এলাকায় নেমে আরেকটি অনিয়মের সমাধান করেন মন্ত্রী। এক অটোরিকশাচালক মিটারে ৩০ টাকা দেখালেও যাত্রীর কাছে ৩৬ টাকা দাবি করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করেন।

এই অভিজ্ঞতাকে ‘বাস্তবতার মুখোমুখি হওয়া’ হিসেবে উল্লেখ করে বাইরাথি সুরেশ জানান, যাত্রীসেবার মান উন্নয়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে। সেবার মান নিশ্চিতে কঠোর নজরদারির কথাও জানান তিনি।