সারাবিশ্ব
শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ জনতা পার্টি
ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ দুই মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আরও কঠোর অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির নেতারা স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান তারা মেনে নেবেন না।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছে দলটি। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে সরকারের কাছে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের দুই শীর্ষ মন্ত্রী। জানা গেছে, শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে অপসারণ বা তার পদত্যাগ ছাড়া অন্য কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, অন্যান্য দাবি নিয়ে কিছুটা ইতিবাচক ইঙ্গিত থাকলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার সময় চেয়েছে।
এদিকে আরেক মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তরের আশপাশে বিক্ষোভকারী, স্বেচ্ছাসেবক এমনকি আইনজীবীদেরও আটক করছে দিল্লি পুলিশ। তবে বিষয়টি সরকারের নজরে আনা হলে, এমন ঘটনা ঘটলে তা বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।