সারাবিশ্ব

আন্দোলনের চাপে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

আন্দোলনের চাপে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ছবি: সংগৃহীত

ভারতে টানা আন্দোলন ও বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে তৃতীয় দফার বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান গত ১০ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং চিকিৎসা শিক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল ককরোচ জনতা পার্টি। এ দাবিতে দলটির নেতাকর্মীরা দিল্লিতে টানা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করে আসছিলেন।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা কোনো অবস্থাতেই আন্দোলন প্রত্যাহার করবেন না। তাদের দাবি, শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির দায় সংশ্লিষ্ট মন্ত্রীরই নেওয়া উচিত।

সরকারের কাছে তিন দফা দাবি উপস্থাপন করেছিল ককরোচ জনতা পার্টি। এর মধ্যে প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। সরকার শেষের দুটি দাবি মেনে নিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এতদিন বাস্তবায়িত হয়নি। শেষ পর্যন্ত আন্দোলনের চাপের মুখেই দায়িত্ব ছাড়লেন ধর্মেন্দ্র প্রধান।