সারাবিশ্ব
হরমুজ নিয়ে ‘ঠাট্টা’ করলে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তায় নিয়োজিত ইরানি সেনারা প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দিতে’ সক্ষম।
রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া বক্তব্যে আমির হাতামি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যকে ঠাট্টা-মশকরা হিসেবে নেওয়া বড় ভুল। কারণ ইরানের এমন রক্ষক রয়েছে, যারা প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত।
ইরানের সেনাপ্রধান দাবি করেন, মার্কিন বাহিনীকে আরব উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি থেকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে। এসব এলাকায় মার্কিন বাহিনীকে আর প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির হাতামি। তিনি বলেন, ইরান কখনোই এমন পরিস্থিতি মেনে নেবে না।
সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছেন। তাঁর ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে এ ধরনের কঠোর প্রতিক্রিয়া এলো।
সূত্র: আলজাজিরা