সারাবিশ্ব

সম্পত্তি হাতিয়ে নিতে মৃত বাবার আঙুলের ছাপ নেওয়ার ভিডিও ভাইরাল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

সম্পত্তি হাতিয়ে নিতে মৃত বাবার আঙুলের ছাপ নেওয়ার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে মৃত বাবার আঙুলের ছাপ নিয়ে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সম্পত্তি নিয়ে আগে কোনো বিরোধ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সম্পত্তি-সংক্রান্ত কারণেই ওই তরুণ তার মৃত বাবার আঙুলের ছাপ নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাই রঙের চাদরে ঢাকা অবস্থায় শুয়ে আছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ। তাকে ঘিরে রয়েছেন পরিবারের কয়েকজন সদস্য। একপর্যায়ে চাদরের নিচ থেকে তার হাত বের করে আনেন এক তরুণ। পরে আরেক ব্যক্তির সহযোগিতায় মৃত ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি কালিতে ছোঁয়ানো হয়। এরপর একটি কাগজে সেই আঙুলের ছাপ নেওয়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, পাশে থাকা এক ব্যক্তি ওই তরুণকে কীভাবে আঙুলের ছাপ নিতে হবে, সে বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী কাগজে ছাপ নেওয়া হয়। পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ঘটেছে বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পরও সম্পত্তির জন্য বাবার আঙুলের ছাপ নেওয়ার ঘটনাকে অমানবিক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন অনেকে।

তবে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।