সারাবিশ্ব
অবশেষে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অবশেষে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির শীর্ষ আদালতের নির্দেশের পর শুক্রবার (২১ আগস্ট) ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
৭৩ বছর বয়সী ইমরান খানকে শাফি ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে শীর্ষ আদালতের নির্দেশে গঠিত স্বাধীন চিকিৎসা বোর্ডের অধীনে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।
এর আগে মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত ইমরান খানকে দুই দিনের মধ্যে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, তার ব্যক্তিগত চিকিৎসককে অন্তর্ভুক্ত করে একটি চিকিৎসা বোর্ড গঠন করা হয়। ওই বোর্ড তার শারীরিক অবস্থা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। পরে সরকার আদালতের এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষের প্রতিবেদনে ইমরান খানের অতিরিক্ত উদ্বিগ্নতা ও রক্তচাপের ওঠানামার বিষয়টি উঠে এসেছে। এ ছাড়া তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ রয়েছে। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে সীমিত যোগাযোগের বিষয়টিও তার দল ও পরিবারের পক্ষ থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।
পাকিস্তানের সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে ইমরান খানের আইনজীবী উজায়ের ভান্ডারী বলেছেন, আগামী ১৬ সেপ্টেম্বর আদালতে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকতে পারেন।
সূত্র: আল জাজিরা