সারাবিশ্ব
চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির ভয়ে পুলিশের সাহায্য চাইল চোর
গুজরাটের ভালসাদ জেলায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির ভয়ে পুলিশকে ফোন করেছে দুই চোর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে গ্রেপ্তার করেছে।
গত বুধবার (১৯ আগস্ট) রাতে সঞ্জান গ্রামের ‘বিজে জুয়েলার্স’ নামের একটি গয়নার দোকানে চুরি করতে ঢোকে দীনেশ ও বিপিন নামের দুই ব্যক্তি। তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা দোকানের শাটার বাইরে থেকে বন্ধ করে দেন।
এ সময় দোকানের বাইরে লাঠিসোঁটা হাতে উত্তেজিত মানুষের ভিড় দেখে আতঙ্কিত হয়ে পড়ে দুই চোর। মারধরের আশঙ্কায় তারা ভেতর থেকে দোকানটি আটকে দিয়ে পুলিশের জরুরি সহায়তা নম্বর ১১২-তে ফোন করে।
পুলিশকে তারা জানায়, চুরি করতে এসে স্থানীয়দের হাতে আটকা পড়েছে তারা। এরপর তাদের উদ্ধার করার জন্য পুলিশের কাছে আকুতি জানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে উত্তেজিত জনতার হাত থেকে দুই চোরকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম এবং ব্যাগে রাখা কিছু গয়না উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এলাকাটি গুজরাট ও মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যের সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা এখান থেকে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি