সারাবিশ্ব
ছবির সঙ্গে বরকে মেলাতে না পেরে বিয়ে ভাঙলেন কনে
ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় বিয়ের আসরে বরকে দেখে আপত্তি জানিয়েছেন এক কনে। কনের দাবি, বিয়ের আগে তাকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, বিয়ের আসরে আসা ব্যক্তি তিনি নন। এ ঘটনায় বরযাত্রী ফিরে গেলেও শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়নি।
বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরুর আগেই কনে আপত্তি জানান।
কনে পরিবারের সদস্যদের জানান, বিয়ের আগে তাকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, তার পরিবর্তে অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে। তার এমন অভিযোগের পর দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিয়ে স্থগিত হয়ে যায়।
তবে কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার। তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
বরের নানা মহেন্দ্র সিং জানান, বিয়ের মধ্যস্থতাকারী ও কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল।
পরে বিষয়টি পুলিশের কাছেও গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।
ফিরোজপুরের গুরু হরসাহাইয়ের উপপুলিশ অধীক্ষক তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়। তদন্তের সময় বর ও কনে উভয় পক্ষের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, পরে দুই পরিবার নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নেয়। তবে বিরোধের সমাধান হলেও শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান আর সম্পন্ন হয়নি।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল