সারাবিশ্ব

স্বামী ও প্রেমিককে নিয়ে একসঙ্গে সংসার, আপত্তি নেই সন্তানদেরও


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

স্বামী ও প্রেমিককে নিয়ে একসঙ্গে সংসার, আপত্তি নেই সন্তানদেরও
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় স্বামী ও প্রেমিক দুজনকে নিয়ে একই ছাদের নিচে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন এক নারী। শুধু ওই নারীই নন, তার স্বামী ও প্রেমিকও এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। এমনকি তাদের দুই সন্তানও এতে আপত্তি জানায়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সীতাপুর জেলার মাহমুদাবাদের বাসিন্দা অঞ্জু বর্মার সঙ্গে শুভম বর্মার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। বেশ ভালোভাবেই চলছিল তাদের সংসার। এর মধ্যেই পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে অঞ্জুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে অঞ্জুর সামনে স্বামী ও প্রেমিকের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি কাউকেই ছেড়ে দিতে রাজি হননি। বরং স্বামী শুভম ও প্রেমিক নীতিন দুজনকেই নিয়ে একসঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে আলোচনা ও বিরোধ তৈরি হলে অঞ্জু, তার স্বামী ও প্রেমিক থানায় যান। সেখানে অঞ্জু পুলিশকে জানান, তিনি স্বামী ও প্রেমিক দুজনের সঙ্গেই থাকতে চান।

পুলিশের উপস্থিতিতে শুভমও স্ত্রীর সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানান। প্রয়োজনে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেও প্রস্তুত বলে পুলিশকে জানান। অন্যদিকে নীতিনও অঞ্জু ও শুভমের সঙ্গে একই বাড়িতে থাকার বিষয়ে সম্মতি দেন।

ঘটনাটি জানার পর পুলিশ কর্মকর্তারা তিনজনকে দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা করেন। তবে নিজেদের সিদ্ধান্ত থেকে তারা সরে আসেননি বলে জানা গেছে।

এদিকে অঞ্জু ও শুভমের দুই সন্তানও মায়ের সিদ্ধান্তে আপত্তি জানায়নি। তারা মা, বাবা ও নীতিনকে নিয়ে একসঙ্গে থাকতে রাজি বলে জানা গেছে।

তবে স্বামী, স্ত্রী ও প্রেমিকের এই ব্যতিক্রমী পারিবারিক সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং তারা শেষ পর্যন্ত একই ছাদের নিচে থাকতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।