সারাবিশ্ব
মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা, আলামত মুছে ফেলেন মা
ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়াকে কেন্দ্র করে ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরে হত্যাকাণ্ডের আলামত নষ্টের চেষ্টা করার অভিযোগে নিহতের মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম মহেশ গায়কোয়াড়। তিনি পুনের ওয়ারজে মালওয়াড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাবণ মাসে অনেক পরিবার মাছ, মাংস ও ডিম খাওয়া থেকে বিরত থাকে। মহেশদের পরিবারেও এ সময় নিরামিষ খাবার খাওয়ার নিয়ম ছিল। তবে মহেশ বাড়িতে খাসির মাংস রান্না করে খাওয়ার জন্য পরিবারের সদস্যদের চাপ দিতে থাকেন।
এ নিয়ে বাবার সঙ্গে তার তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবা লাঠি দিয়ে মহেশকে মারধর করেন। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি পুলিশকে না জানিয়ে স্বামীকে রক্ষা করতে মহেশের মা হত্যাকাণ্ডের আলামত মুছে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
তবে ঘটনাটি পুলিশের নজর এড়ায়নি। স্থানীয় ওয়ারজে মালওয়াড়ি থানার পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক মনে করে তদন্ত শুরু করে। পরে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ড এবং আলামত নষ্টের প্রমাণ পাওয়ার পর নিহতের বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও তথ্য-প্রমাণ গোপনের অভিযোগে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সূত্র: এনডিটিভি