সারাবিশ্ব

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৩৫ পিএম

ঋণের চাপে তিন বছরের সন্তানকে সেতুতে রেখে নদীতে ঝাঁপ দম্পতির
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় তিন বছরের সন্তানকে সেতুর ওপর রেখে নদীতে ঝাঁপ দিয়েছেন এক দম্পতি। বৃহস্পতিবার গভীর রাতে চিনচিনাডা বাসিষ্ঠা সেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভেলপুরুর বাসিন্দা দোদ্দা সাই ও তার স্ত্রী শিরীষা রাত ১০টার দিকে স্কুটারে করে ছোট সন্তানকে সঙ্গে নিয়ে গোদাবরী নদীর কাছে যান। পরে সেতুর ওপর স্কুটারে সন্তানকে বসিয়ে রেখেই তারা উত্তাল নদীতে ঝাঁপ দেন।

কিছুক্ষণ পর শিশুটি মা-বাবার জন্য কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা তাকে দেখতে পান। এ সময় শিশুটিকে ‘আম্মা-নান্না’ বলে মা-বাবাকে ডাকতে শোনা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয় এবং স্কুটারটি জব্দ করে। পরে শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে দম্পতিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয় উদ্ধারকারী দল, সাঁতারু ও নৌকার সদস্যরাও অংশ নেন। তবে এখন পর্যন্ত ওই দম্পতির কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দোদ্দা সাই পেশায় গাড়িচালক ছিলেন। তিনি এর আগে কিছু সময় উপসাগরীয় অঞ্চলেও কাজ করেছেন। দেশে ফেরার পর থেকে বাড়তে থাকা ঋণ ও আর্থিক চাপের মধ্যে ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

তবে ঠিক কী কারণে দম্পতি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর্থিক সংকটের কারণে তারা বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং ঘটনার আগে দম্পতির গতিবিধি ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।