সারাবিশ্ব
নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
শনিবার (২৯ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় উদ্ধার অভিযানের একটি ভিডিওও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
উদ্ধার হওয়া বৃদ্ধার নাম গুণা মায়া বোহারা। তার নাতি-ভাতিজা দীপক বোহারা বিবিসি নেপালিকে বলেন, উদ্ধার হওয়ার পর বৃদ্ধাকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন যুদ্ধে জয়ী হয়ে ফেরা একজন যোদ্ধা।
বৃদ্ধাকে তার পরিচর্যা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে প্রায় চার ঘণ্টা সময় লাগে। খবর পেয়ে কাঠমান্ডু থেকে ঘটনাস্থলে ছুটে যান দীপক।
বুধবার নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা।
বিজ্ঞানীদের ধারণা, তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে একটি হিমবাহ ধসে যাওয়ার পর নদীগুলোতে ব্যাপক পানির ঢল নামে। এর ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যায় ঘরবাড়ি, সেতুসহ বিস্তীর্ণ এলাকার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: বিবিসি