সারাবিশ্ব
নেপালে মর্গে জায়গা নেই, বন্যা-ভূমিধসে ভেসে আসছে একের পর এক মরদেহ
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নদীতে একের পর এক মরদেহ ভেসে আসায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মরদেহগুলো ভাটির বিভিন্ন জেলায় জমা হওয়ায় হাসপাতালগুলোর মর্গে দেখা দিয়েছে তীব্র ধারণক্ষমতার সংকট।
পরিস্থিতি সামাল দিতে চিতওয়ান জেলার ভরতপুরে একটি পরিত্যক্ত ভবনকে অস্থায়ী মর্গে রূপান্তর করেছে স্থানীয় প্রশাসন। সেখানে ড্রাই আইস ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মরদেহগুলো সংরক্ষণের চেষ্টা চলছে।
এদিকে নিখোঁজ স্বজনদের সন্ধানে বিভিন্ন জেলা থেকে শোকার্ত পরিবারের সদস্যরা হাসপাতাল ও অস্থায়ী মর্গগুলোতে ভিড় করছেন। স্বজনদের পরিচয় শনাক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর ডিএনএ নমুনা ও ছবি সংগ্রহ করা হচ্ছে।
পরিচয় শনাক্তের পাশাপাশি অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর দ্রুত সৎকারের প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে প্রশাসন। ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর এভাবে বিপুলসংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক আরও বেড়েছে।