সারাবিশ্ব

ঝগড়ার পর সঙ্গীকে নিয়ে ৭ তলা থেকে লাফ, তারপর যা ঘটল...


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

ঝগড়ার পর সঙ্গীকে নিয়ে ৭ তলা থেকে লাফ, তারপর যা ঘটল...
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় তুচ্ছ কথাকাটাকাটির জেরে ভবনের সপ্তম তলা থেকে লাফ দেওয়ার ঘটনায় জননী নামের ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত জননী পেশায় সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুদুচেরির বাসিন্দা জননী চলতি বছরের জানুয়ারি থেকে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি আবাসিক ভবনে থাকছিলেন।

আহত যুবকের নাম মনিচাভেলু। পুলিশ জানিয়েছে, তিনি জননীর বন্ধু এবং একটি পণ্য পরিবহন প্রতিষ্ঠানে কর্মরত। তার বাড়িও পুদুচেরিতে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে যান। পুলিশ ধারণা করছে, সেখান থেকে লাফ দেওয়ার সময় তিনি মনিচাভেলুকেও সঙ্গে টেনে নেন।

এরপর দুজনই ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। অন্যদিকে, নিচে পড়ার সময় প্রথমে একটি গাছের ডালে আঘাত পাওয়ায় মনিচাভেলুর পতনের গতি কিছুটা কমে যায়। পরে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং এ ঘটনায় মামলা করেছে। কী কারণে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে তারা ভবন থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি