সারাবিশ্ব

দিল্লিগামী প্লেনে বোমা হামলার হুমকি, আহমেদাবাদে জরুরি অবতরণ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৫৩ পিএম

দিল্লিগামী প্লেনে বোমা হামলার হুমকি, আহমেদাবাদে জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

দাম্মাম থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়ার পর আহমেদাবাদে জরুরি অবতরণ করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে প্লেনে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান, আকাশে থাকা অবস্থায় প্লেনটির এক কেবিন ক্রু শৌচাগারে একটি টিস্যু পেপারে ‘বোম’ লেখা দেখতে পান। বিষয়টি নজরে আসার পর তিনি দ্রুত পাইলটকে জানান। এরপর পাইলট আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে অবতরণের পর প্লেনটিকে মূল টার্মিনাল থেকে দূরে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই জরুরি সেবা ও নিরাপত্তা দলের সদস্যরা প্রস্তুত ছিলেন।

পরে নিরাপত্তা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা প্লেনটি ঘিরে তল্লাশি শুরু করেন। প্লেনে থাকা ৩২ যাত্রীকে নিরাপদে সরিয়ে দ্বিতীয় টার্মিনালে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ প্লেনটির কেবিন, আসন ও মালামাল রাখার স্থানসহ বিভিন্ন অংশে ব্যাপক তল্লাশি চালায়। তবে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তল্লাশি শেষে প্লেনটিকে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।

টিস্যু পেপারে ওই বার্তা কে লিখেছেন এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়। প্লেনটি নিরাপদে অবতরণ করেছে এবং সব যাত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।