সারাবিশ্ব
রাশিয়া থেকে আরও ৫টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত
রাশিয়া থেকে বিমান বাহিনীর জন্য আরও ৫টি দূরপাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার উদ্যোগ নিয়েছে ভারত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানিসহ দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় উঠে আসে।
ভারতে ‘সুদর্শন’ নামে পরিচিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে। সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুপক্ষের বিমানকে নিজস্ব আকাশসীমার কাছেও নিরাপদে অবস্থান করতে দেয় না।
ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জানিয়েছেন, এস-৪০০ ব্যবহার করে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছিল। এটিকে দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০১৮ সালের চুক্তির আওতায় নির্ধারিত ৫টি এস-৪০০ ইউনিটের মধ্যে ভারত ইতোমধ্যে ৪টি পেয়েছে। পঞ্চম ইউনিটটি আগামী নভেম্বরের মধ্যে হস্তান্তরের কথা রয়েছে। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে পরবর্তী ইউনিটগুলোর সরবরাহ ৩ বছরের মধ্যে শুরু হতে পারে।
এদিকে এস-৪০০-এর পাশাপাশি রাশিয়ার সঙ্গে এস-৫০০ প্রমিথিউসের যৌথ উৎপাদন, সুখোই-৫৭ই ফেলন স্টিলথ জেট, কিলো শ্রেণির সাবমেরিন, ভোরোনেঝ কৌশলগত আগাম সতর্কীকরণ রাডার এবং সুপার সুখোই-৩০ আধুনিকীকরণ নিয়েও সহযোগিতার বিষয় আলোচনায় রয়েছে।