সারাবিশ্ব
নেপাল-তিব্বতে নিহত ছাড়াল ১ হাজার, সপ্তম দিনেও চলছে উদ্ধার অভিযান
নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সর্বশেষ তথ্যের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় এখন পর্যন্ত ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। সব মিলিয়ে দুই দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।
নেপালে ৯৮৭টি মরদেহ উদ্ধারের পাশাপাশি অনেককে জীবিত উদ্ধার করা হয়েছে। ফলে দেশটিতে নিখোঁজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৬ জনে। তিব্বতে এখনো নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন। অন্যদিকে তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।
গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। প্রবল স্রোতে অনেক মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে যায়। পর্যাপ্ত হিমায়িত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মরদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে নেপাল কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে আপাতত মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলো গণকবরে সমাহিত করা হচ্ছে। পরবর্তীতে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: এএফপি